সারাবিশ্ব

মিশরের ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না নেতানিয়াহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

মিশরের ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের শারম আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না। সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন এবং এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ছুটি শুরুর ঠিক আগে সময় সংকটের কারণে তিনি এ সম্মেলনে যোগ দিতে পারছেন না।”

এর আগে সকালে হোয়াইট হাউস এবং মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল যে নেতানিয়াহু গাজা শান্তি সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে সর্বশেষ ঘোষণায় নিশ্চিত করা হয়েছে, তিনি এবার সেখানে যোগ দিচ্ছেন না।

মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে গাজা উপত্যকায় চলমান সংঘাত নিরসন ও মানবিক সহায়তা জোরদার নিয়ে আলোচনা হওয়ার কথা। বিভিন্ন আরব দেশসহ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক মিসর।