সারাবিশ্ব

ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর দখল পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম

ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর দখল পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল
বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল সরকার।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বুধবার (২৩ অক্টোবর) দেশটির পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার একটি বিল উপস্থাপন করে, যা ২৫-২৪ ভোটে প্রাথমিকভাবে অনুমোদন পায়। তবে মার্কিন প্রশাসনের তীব্র প্রতিক্রিয়ার পরই সরকার বিলটির অগ্রগতি স্থগিতের নির্দেশ দেয়।

ট্রাম্প স্পষ্টভাবে জানান, “ইসরায়েল যদি পশ্চিম তীর দখলের চেষ্টা করে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে।” তিনি আরও বলেন, “আমার প্রশাসন কখনই ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবে না।”

এরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার জোট সহযোগীদের নির্দেশ দেন, আপাতত পশ্চিম তীর সংযুক্তি বা সার্বভৌমত্ব বিষয়ক কোনো প্রস্তাব নেসেটে উপস্থাপন করা যাবে না। ইসরায়েলি পার্লামেন্টের কোয়ালিশন চেয়ারম্যান ওফির ক্যাটজ সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পশ্চিম তীরের সার্বভৌমত্ব সংক্রান্ত সব বিল আপাতত স্থগিত রাখা হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বিল বাস্তবায়িত হলে বহুদিন ধরে আলোচিত ফিলিস্তিন–ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পথ চিরতরে বন্ধ হয়ে যেত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু সরকারের কিছু সদস্য পশ্চিম তীরের কয়েকটি অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। তাদের দাবি ছিল, এই অঞ্চলগুলোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক ও ধর্মীয় সংযোগ রয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত (ICJ) এক ঐতিহাসিক রায়ে ঘোষণা দেয় যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল সম্পূর্ণ বেআইনি। আদালত ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি দ্রুত খালি করার নির্দেশও দেয়।

পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের তীব্র অবস্থান ও আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু সরকার আপাতত পিছু হটলেও, ভবিষ্যতে এই সংযুক্তি পরিকল্পনা আবারও আলোচনায় ফিরতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি, জিও নিউজ