সারাবিশ্ব

ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর হামলার কারণে এ দুর্ঘটনা ঘটেনি। তবে উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার মডেলের, যা সাধারণত যুদ্ধবিমান ও বোমারু বিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এ ধরনের উড়োজাহাজ পরিচালনায় সাধারণত পাইলট, কো-পাইলটসহ তিন সদস্যের একটি ক্রু দল থাকে।

তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর বড় একটি অংশ মোতায়েন রয়েছে।