সারাবিশ্ব

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা: গাড়ি ও মসজিদে আগুন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা: গাড়ি ও মসজিদে আগুন
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরে আবারও সহিংস তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। রাতভর হামলায় নাবলুসের কুসরা গ্রামে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ লিখে যায় তারা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

একই সময়ে উত্তরপূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও হামলা চালায় সেটেলাররা। সেখানে ফিলিস্তিনিদের কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের চলাচল বাধাগ্রস্ত করতে গাড়িতে পাথর নিক্ষেপ এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে সেটেলাররা। ফিলিস্তিনি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল সেটেলার গ্রামের প্রবেশমুখে অবস্থান নিয়ে একটি গাড়িকে জোরপূর্বক ফিরিয়ে দিতে বাধ্য করছে।

এর আগে শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল গ্রামেও অস্ত্র নিয়ে প্রবেশ করে সেটেলাররা এবং ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। হামলার প্রতিরোধে এক ফিলিস্তিনি একজন সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করে। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।

নিহত ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে দখলদার ইসরায়েল। তবে স্থানীয়দের দাবি, তারা নিজেদের গ্রাম রক্ষার চেষ্টা করছিলেন। অন্যদিকে হামলায় অংশ নেওয়া ইসরায়েলিদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।