সারাবিশ্ব

ইউক্রেন ‘ক্ষমা চাওয়ার’ পর ৩ স্থানে হামলার পরিকল্পনা বাতিল ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

ইউক্রেন ‘ক্ষমা চাওয়ার’ পর ৩ স্থানে হামলার পরিকল্পনা বাতিল ইরানের
ছবি: সংগৃহীত

ইউক্রেনের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার পরও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে ইরান। ইউক্রেনের পক্ষ থেকে ‘ক্ষমা চাওয়ার’ পর তেহরান এই সিদ্ধান্ত নেয় বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

মঙ্গলবার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার পর অভিযানটি আর পরিচালনা করা হয়নি।

তার এই বক্তব্য এমন সময় সামনে এলো, যখন ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি, গত ২৫ জুলাইয়ের ওই হামলায় জাহাজটির এক ক্রু নিহত হন। এরপর থেকেই ইউক্রেনের বিরুদ্ধে ইরানের অবস্থান আরও কঠোর হয়ে ওঠে।

সাক্ষাৎকারে মোহসেন রেজাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ইরানের নির্ধারিত রুটের বাইরে কোনো নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো বৈরী সামরিক জাহাজ অবৈধ পথে প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেন রেজাই। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে এবং এতে তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি তিনি।

তবে ইউক্রেনের পক্ষ থেকে কথিত ‘ক্ষমা চাওয়া’ এবং হামলা বাতিলের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। কোন তিনটি স্থাপনা লক্ষ্য ছিল এবং ঠিক কী ধরনের ক্ষমা প্রার্থনা করা হয়েছিল এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।