সারাবিশ্ব

মার্কিন নিষেধাজ্ঞাকে স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

মার্কিন নিষেধাজ্ঞাকে স্বাধীন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে তেহরান।

শনিবার (২২ আগস্ট) ইরানি বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন।

ইসমাইল বাঘেই বলেন, নতুন এই নিষেধাজ্ঞা জাতিসংঘের স্বাধীন সদস্যরাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার বহিঃপ্রকাশ। এটি কোনো একটি দেশের বিরুদ্ধে বেআইনি অর্থনৈতিক লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের স্বাধীন ও সার্বভৌম সরকারগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধ ঘোষণার শামিল।

তিনি বলেন, কোনো স্বাধীন সার্বভৌম দেশের অধীনে পরিচালিত বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বিমানবন্দরকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য পরিচালনা থেকে বিরত রাখার অধিকার অন্য কোনো সরকারের নেই।

ইরানি এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধতা নেই। এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম দফায় বর্ণিত সার্বভৌম সমতার মৌলিক নীতিকে স্পষ্টভাবে লঙ্ঘন করে।

অর্থনৈতিক চাপ সৃষ্টির এই কৌশলকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করে বাঘেই সতর্ক করে বলেন, নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞার সমন্বয় অন্যান্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে।

তিনি বলেন, এ ধরনের ভয়ভীতির কাছে নতি স্বীকার করা হলে জাতীয় সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে এবং উপনিবেশবাদের ভয়াবহ পুনরাবৃত্তি ঘটবে।

সূত্র: আল জাজিরা