সারাবিশ্ব

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে বাবার জানাজায় তাকে দেখেছেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ। তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে দেখেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আখবার মাশহাদ’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ দাবি করেন মাহরুযাদেহ। তিনি বলেন, সেদিন রাতে মোজতবা খামেনিকে দেখেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিলেন।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমেও তার এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আলি খামেনির দাফনের সময় মাশহাদের ইমাম রেজা মাজারে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি।

তায়্যেবেহ মাহরুযাদেহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম আলী হাদ্দাদ আদেলের স্ত্রী। তিনি মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলি খামেনির বাসভবন ও দপ্তরে চালানো হামলায় নিহত হন জাহরা।

গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। কারণ, দাফন ও শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিওতে তাকে দেখা যায়নি। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়তে থাকে।

মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। তবে এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার বিভিন্ন নির্দেশনাও লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে।

এদিকে, শাশুড়ির দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে ইরানের সরকারি মহল ও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বারবার মোজতবা খামেনির সুস্থতার কথা জানিয়ে আসছেন।