সারাবিশ্ব
সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না, জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় উল্লেখিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ বলেছেন, শর্ত পূরণ ছাড়া গুরুত্বপূর্ণ এই নৌপথ চালুর কোনো সুযোগ নেই।
বার্তা সংস্থা নুরনিউজের রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের সামনে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে আলোচনা দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি জানানোর সময় শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। গত জুনে ইসলামাবাদে হওয়া সমঝোতা স্মারকে উল্লেখিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন সেটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি চালুর বিষয়ে ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। এসব শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপের পথে এগোলে ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের চেষ্টা করে, তাহলে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইরান।
সূত্র: নুরনিউজ