সারাবিশ্ব

ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ারবাজারে ধস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম

ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ারবাজারে ধস
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার পরদিনই বড় ধরনের ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার। হঠাৎ এই শুল্ক বৃদ্ধির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রফতানি নির্ভর খাতগুলোতে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মুম্বাইয়ের শেয়ারবাজার সূচকে তীব্র পতন লক্ষ্য করা যায়। সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ৮০,২০৮.২৮-এ। নিফটি সূচকও ১১৪.১৫ পয়েন্ট পড়ে ২৪,৪৬০.০৫-এ নেমে আসে।

এই সিদ্ধান্তের ফলে ভারত এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত বাণিজ্য অংশীদারদের তালিকায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এ ধরনের বাণিজ্য নীতি ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এইচডিএফসি সিকিউরিটিজ-এর প্রধান নির্বাহী ধীরাজ রেল্লি বলেন, "দীর্ঘমেয়াদে এই শুল্ক বৃদ্ধি ভারতের অর্থনৈতিক গতি মন্থর করে দিতে পারে।" যদিও রিজার্ভ ব্যাংক এখনও পর্যন্ত তাদের ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে।

অন্যদিকে, কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নিলেশ শাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, “শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি বিনিয়োগ পরিবেশকে চরমভাবে প্রভাবিত করতে পারে।”

তবে এক মাসের ডলার-রুপি ফরওয়ার্ড (এনডিএফ) মার্কেটে ভারতীয় মুদ্রা এখনও স্থিতিশীল অবস্থানেই রয়েছে বলে ধারণা দিচ্ছে।

ট্রাম্পের হুমকির তালিকায় চিপ রফতানিকারকদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথাও রয়েছে। তবে অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ এই শুল্ক থেকে আপাতত ছাড় পাওয়ায়, পুরো এশীয় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। এমএসসিআই এশিয়া সূচক ০.৮ শতাংশ বেড়েছে, সিঙ্গাপুরের গিফট নিফটি সূচক সামান্য পতনের আভাস দিলেও পরে স্থিতিশীল হয়ে ওঠে।

এদিকে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ৪.৪ শতাংশ ও স্যামসাং ইলেকট্রনিকস ১.৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে বাজারে আস্থার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি কূটনৈতিকভাবে সমাধান না হলে আগামী দিনগুলোতে ভারতের শেয়ারবাজারে আরও বড় ধস নামার আশঙ্কা থেকে যাচ্ছে। বিশ্ব বাণিজ্যে উত্তেজনা এবং দুই অর্থনৈতিক শক্তির সংঘাতে ভারতের অর্থনীতির জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস