সারাবিশ্ব

কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম

কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬
ছবি: সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি দাতব্য চিকিৎসা সংস্থার ছোট আকারের বিমান আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে রাজধানী নাইরোবির গিথুরাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস–এর মালিকানাধীন।

plane crash kenya1_Dhakaprokash.jpg

সংস্থাটি জানিয়েছে, সেসনা ২০৮ মডেলের বিমানটি বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের মাত্র তিন মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরক্ষণেই বিমানটি গিথুরাই এলাকার একটি বাড়ির ওপর ভেঙে পড়ে।

নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, দুর্ঘটনায় বিমানটির পাইলট, একজন চিকিৎসক, একজন নার্স ও অপর এক ক্রু সদস্য মারা গেছেন। এছাড়াও নিচে থাকা আরও দুজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন।

কেনিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকঅফের তিন মিনিটের মধ্যেই বিমানটির রেডিও ও রাডার সিগন্যাল হারিয়ে যায়, যার পরপরই দুর্ঘটনা ঘটে।

plane crash kenya2_Dhakaprokash.jpg

অ্যামরেফ ফ্লাইং ডক্টরস–এর প্রধান নির্বাহী স্টিফেন গিটাউ এক বিবৃতিতে বলেন, “ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পুরো ঘটনার তদন্তে সহায়তা করছি।”

স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ জানিয়েছে, ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে কেনিয়ার সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের একটি দল।

বিমান বিধ্বস্ত হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তবে দুর্ঘটনার অভিঘাতে ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আহতদের নাইরোবির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।