সারাবিশ্ব

সুদানের দারফুরে ভয়াবহ গণহত্যা, স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে রক্তাক্ত দৃশ্য


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

সুদানের দারফুরে ভয়াবহ গণহত্যা, স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে রক্তাক্ত দৃশ্য
ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলে প্যারামিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পরিচালিত পরিকল্পিত গণহত্যার প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) সতর্ক করেছে, স্যাটেলাইট চিত্র, ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দেখা যাচ্ছে বহু স্থানে রক্ত ও মরদেহের উপস্থিতি এমনভাবে ছড়িয়ে আছে যে তা মহাকাশ থেকেও স্পষ্ট।

গবেষক ন্যাথানিয়েল রেমন্ড এবিসি নিউজকে জানান, আরএসএফ বাহিনী শহর নিয়ন্ত্রণের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে হাজার হাজার বস্তুর অবস্থান শনাক্ত করা গেছে, যা মাটিতে পড়ে থাকা মরদেহের সঙ্গে মিলে যাচ্ছে। দারজা উলা অঞ্চলে তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের আলাদা করে হত্যা করেছে। “প্রথম দিন আটক ব্যক্তিদের সারি দেখা গেছে, আর পরদিন একই স্থানে রক্তমাখা মরদেহের স্তূপ,” বলেন রেমন্ড।

এইচআরএল জানিয়েছে, আল-ফাশের শহরের হাসপাতাল, আবাসিক এলাকা ও সরকারি সেনাবাহিনীর ঘাঁটিতে অন্তত কয়েক ডজন স্থান চিহ্নিত হয়েছে, যেখানে রক্তের দাগ ও মরদেহ ছড়িয়ে রয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, আরএসএফ বাহিনীর আশেপাশের যানবাহন দ্রুত সরানো হয়েছে, যা সরকারি বাহিনীর পালানোর সঙ্গে সাধারণ মানুষদের মৃত্যুর মুখে ফেলার ইঙ্গিত দেয়।

জাতিসংঘ আল-ফাশেরকে দুঃসহ পরিস্থিতির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছে। এই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও ঘোষণা করেছিল যে, আরএসএফ দারফুরে গণহত্যা চালিয়েছে। রেমন্ড সতর্ক করেছেন, দুই দশক আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত পর্ব এখন প্রত্যক্ষ করা যাচ্ছে এবং যারা পালাতে পারেনি—বিশেষ করে নারী ও শিশুরা—তারা এখন প্রধান লক্ষ্য।