সারাবিশ্ব

দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের
ছবিঃ সংগৃহিত

দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাড়তি শুল্ক গাড়ি, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে। 

সোমবার (২৬ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘দক্ষিণ কোরিয়ার সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ঠিকভাবে বাস্তবায়ন করছে না।’ তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ার সংসদ ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি অনুমোদন না করায় তিনি শুল্ক বাড়াচ্ছেন, যদিও এটি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, শুল্ক বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে তাদের আগেই কিছু জানানো হয়নি। বর্তমানে কানাডায় থাকা বাণিজ্যমন্ত্রী কিম জুং-কোয়ান এ বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করবেন।

অক্টোবরে ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত হয়। এতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের প্রতিশ্রুতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর কথা ছিল। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও ওষুধের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক রাখবে। বিশেষভাবে, দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের নতুন হুমকি কার্যকর হলে সেই সিদ্ধান্ত উল্টে যাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ২৭ শতাংশ আসে গাড়ি শিল্প থেকে। দেশটি তার মোট গাড়ি রপ্তানির প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে পাঠায়। শুল্ক বাড়লে দক্ষিণ কোরিয়ার পণ্য জাপান ও ইউরোপীয় ইউনিয়নের তুলনায় পিছিয়ে পড়তে পারে, কারণ ওই দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ শতাংশ শুল্কের চুক্তি করেছে। এখনও পর্যন্ত ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে শুল্ক বাড়ানোর কোনো নোটিশ দেয়নি।