সারাবিশ্ব

কুখ্যাত এপস্টেইনের জীবিত থাকার গুঞ্জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

কুখ্যাত এপস্টেইনের জীবিত থাকার গুঞ্জন
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের একসময়ের প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে। তাঁর দাবি, ২০১৯ সালে কারাগারে এপস্টেইনের মৃত্যু হয়নি—তিনি এখনো জীবিত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর বক্তব্যের কথা জানানো হয়। এলবিসি রেডিওর উপস্থাপক টম সোয়ারব্রিককে দেওয়া সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া বলেন, এপস্টেইনকে ‘ট্রিপ ভ্যান’-এ করে কারাগার থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল।

লেডি ভিক্টোরিয়ার ভাষায়, “আমার কখনোই বিশ্বাস হয়নি যে এপস্টেইন মারা গেছেন। আমি মনে করি না তিনি আত্মহত্যা করেছেন। আমার ধারণা, তিনি ইসরায়েলে পালিয়ে গেছেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টেইনের মৃত্যু হয় বলে সরকারি ভাবে জানানো হয়। কারা কর্তৃপক্ষের দাবি ছিল, সেলের ভেতর তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার মৃত্যুকে ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার গলায় আঘাতের চিহ্ন থাকার কথাও উঠে আসে।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বরাতে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। একই সঙ্গে এমন অভিযোগও সামনে এসেছে যে, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশের গোয়েন্দা সংস্থার জন্য কাজ করতেন।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে এপস্টেইন সংশ্লিষ্ট যৌন পাচার তদন্তের বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।