সারাবিশ্ব
শান্তির দূত ট্রাম্প তার আসল রূপ দেখিয়েছে: রাশিয়া
ইরানের ওপর সামরিক হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মেদভেদেভ অভিযোগ করেছেন—ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা ছিল কেবল একটি কৌশলগত আড়াল। তার দাবি, আলোচনার আড়ালে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে কটাক্ষ করে লেখেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’
মেদভেদেভ আরও বলেন, ইরানকে ঘিরে কূটনৈতিক সংলাপের কথা বলা হলেও বাস্তবে কোনো পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক ছিল না। তার ভাষ্য অনুযায়ী, পুরো আলোচনাপ্রক্রিয়া ছিল সময়ক্ষেপণ ও প্রকৃত উদ্দেশ্য আড়াল করার অংশ।
মস্কোর এ বক্তব্য মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।