সারাবিশ্ব

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেছেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি 'সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন' ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে 'বিপ্লবী ও চমৎকার' কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে।  

পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে 'গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান' লিখে তার বার্তাটি শেষ করেন।

সূত্র: আলজাজিরা।