সারাবিশ্ব
ইরানের বিরুদ্ধে অভিযান চলমান রাখার ঘোষণা নেতানিয়াহুর
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি এবং সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তিনি দাবি করেন, এসব অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। একই সঙ্গে লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদনের কথাও উল্লেখ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়, যা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সংঘাতের জেরে ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এরই মধ্যে কূটনৈতিক উদ্যোগ হিসেবে গত ৭ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। পরে ইসলামাবাদ-এর সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ নামে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের পক্ষে অংশ নেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। ফলে যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতি ছাড়াই মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে।