সারাবিশ্ব
হরমুজ প্রণালি চালুর কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের
ইরানের উপসাগরীয় বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটি এই সতর্কবার্তা দেয়। লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ এ নৌপথটি পুনরায় চালুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা আসে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে হরমুজ প্রণালি চালু হওয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ব শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং ওয়াশিংটনে আশাবাদ তৈরি হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’ পর্যায়ে রয়েছে।
ট্রাম্প দাবি করেন, আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে তার এই দাবি নাকচ করেছে ইরান। তারা স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়ামের মজুত কোথাও হস্তান্তর করা হবে না।
এদিকে ইরান আরও সতর্ক করে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ যদি তাদের বন্দর থেকে আসা জাহাজগুলোকে বাধা দেয়, তাহলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করা হতে পারে।