সারাবিশ্ব
নিজেদের ভূখণ্ডে ২২৫টি তেল-গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে চীন
নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধানে বড় অগ্রগতির কথা জানিয়েছে চীন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ভূখণ্ডে নতুন করে ২২৫টি তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে চীনের প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত পাঁচ বছরে মোট ২২৫টি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র শনাক্ত করা হয়েছে। এগুলোকে দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে ১৩টি তেলক্ষেত্রে প্রমাণিত মজুত ১০০ মিলিয়ন টনের বেশি এবং ২৬টি গ্যাসক্ষেত্রে মজুত ১০০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি।
তবে এসব মজুতের কতটা বর্তমানে উত্তোলনযোগ্য, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, নতুন আবিষ্কারের ফলে ভবিষ্যতে দেশের তেল ও গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পারে।
চীন গত এক দশকে দেশীয় তেল ও গ্যাস অনুসন্ধানে বিপুল বিনিয়োগ করেছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই খাতে ৪৫০ বিলিয়ন ইউয়ানের (প্রায় ৬৬ বিলিয়ন মার্কিন ডলার) বেশি বিনিয়োগ করা হয়েছে, যার লক্ষ্য আমদানি নির্ভরতা কমানো।
বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ চীন সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যেও নিজস্ব জ্বালানি নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। দেশটির নেতৃত্বও এ খাতে ঝুঁকি মোকাবিলা ও সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার নির্দেশনা দিয়েছে।