সারাবিশ্ব
তামিলনাড়ুতে ভোট গণনায় এগিয়ে থালাপাতি বিজয়ের দল
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) প্রাথমিক ফলাফলে শক্ত অবস্থান দেখাচ্ছে এবং ঐতিহ্যবাহী দলগুলোকেও পেছনে ফেলেছে।
সোমবার সকাল ৮টা থেকে ২৩৪টি আসনে ভোট গণনা শুরু হয়। শুরুতেই ডাকযোগে দেওয়া ভোটের গণনায় টিভিকে এগিয়ে থাকে। নিজের প্রথম নির্বাচনী লড়াইয়েই বিজয় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন। তিনি তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে প্রাথমিক গণনায় তিনি এগিয়ে রয়েছেন।
দলটির এক নেতা দাবি করেছেন, কোনো জোট ছাড়াই সরকার গঠনের সক্ষমতা রয়েছে তাদের। এবারের নির্বাচনে টিভিকে এককভাবে অংশ নিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ক্ষমতাসীন ডিএমকে-কংগ্রেস জোট।
তিরুচিরাপল্লি পূর্ব আসনে ডিএমকের প্রার্থী প্রাথমিকভাবে পিছিয়ে পড়েছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন আসনে টিভিকে প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে, যা নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
চেন্নাইসহ বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরুর পর সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে।