সারাবিশ্ব
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলি ট্যাংক, নিহত সেনা কর্মকর্তা
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক ধ্বংস হয়েছে। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আনা যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত কর্মকর্তা ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ইসরায়েলের সাঁজোয়া বাহিনীর একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে লেবানন সীমান্ত এলাকায় অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ট্যাংকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ নিহত হন।
হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও কামান হামলা চালিয়ে ওই অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাত হানে।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এর আগের দিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মতি জানিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সেখানে হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের অবস্থান না রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
তবে পরে হিজবুল্লাহ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়ে। অন্যদিকে ইসরায়েলও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।