সারাবিশ্ব
নিরাপত্তা ঝুঁকিতে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত থাকছেন না তার ছেলে মোজতবা খামেনি। নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে এই রাষ্ট্রীয় আয়োজনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম ইলাহি বলেন, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মোজতবা খামেনির জীবনের ওপর বড় ধরনের হুমকি রয়েছে। তিনি জানাজায় অংশ নিতে আগ্রহী হলেও নিরাপত্তা সংস্থাগুলো তাকে জনসম্মুখে আসার অনুমতি দিচ্ছে না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর দিন ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ দেশবাসীর প্রতি জানাজায় ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লাখো মানুষের উপস্থিতি ইরানের ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে।
আগামী শনিবার (০৪ জুলাই) রাজধানী তেহরান থেকে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ছয় দিনব্যাপী এই কর্মসূচি দেশের বিভিন্ন শহর প্রদক্ষিণ করবে। আগামী ৯ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।
ইরানের কর্মকর্তাদের আশা, জানাজার বিভিন্ন পর্বে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এ উপলক্ষে বিদেশি অতিথি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জল, স্থল ও আকাশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।