সারাবিশ্ব

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি মোদি সরকার 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি মোদি সরকার 
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন শহরে চলমান ছাত্র আন্দোলনের মুখে অবস্থান কিছুটা নমনীয় করেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করে সরকার জানিয়েছে, আন্দোলনকারীদের সুবিধাজনক যেকোনো সময় আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে আলোচনার স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বুধবার থেকেই আন্দোলনকারীদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত থাকবেন।

জিতেন্দ্র সিং বলেন, সরকার কোনো অহমিকা বা মর্যাদার লড়াইয়ে বিশ্বাস করে না। আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানই সরকারের লক্ষ্য। তার ভাষায়, “সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। জেপি নাড্ডা এবং আমি উভয়েই আলোচনায় উপস্থিত থাকব। ধাপে ধাপে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। এটি শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই অংশ।”

সরকারের প্রস্তাব অনুযায়ী, বৈঠক জেপি নাড্ডার সরকারি কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে। তবে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, আলোচনার জন্য যন্তর মন্তর অথবা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো নিরপেক্ষ স্থান নির্ধারণ করতে হবে।

গত কয়েকদিন ধরে দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও বৈঠকের স্থান নির্ধারণ এখনো প্রধান অচলাবস্থার কারণ হয়ে রয়েছে।

সূত্র: এনডিটিভি