সারাবিশ্ব
বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাছাই করেছে মিয়ানমার
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে দেশটির জান্তা সরকার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে এসব রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার।
আজ শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের শেষ নাগাদ বাংলাদেশ মিয়ানমারের কাছে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। যাচাই করা তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে সে সময় ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করছিলেন।
মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানের বিরুদ্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। তবে মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে।
রোহিঙ্গা সংকটের প্রায় নয় বছর পর মিয়ানমারের পক্ষ থেকে তিন লাখের বেশি রোহিঙ্গাকে নিজেদের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার তথ্য সামনে এলো। তবে তাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি হওয়া জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: এপি
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন