সারাবিশ্ব

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরু ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ইরানে গণতন্ত্রের অবনতি, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেরু। দেশটির অভিযোগ, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করা হচ্ছে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর বাধা সৃষ্টি করা হচ্ছে।

এ ছাড়া নারী ও মেয়েশিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং রাজনৈতিক বিরোধী নেতাদের ওপর নিপীড়নের অভিযোগও করেছে পেরু সরকার।

হরমুজ প্রণালিতে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পেরুর আশঙ্কা, এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে পারে এবং জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্যও ইরানকে দায়ী করেছে পেরুর সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: আনাদোলু