সারাবিশ্ব
কিমের ছেলে নিয়ে রহস্য, মেয়ে জু আয়ে কি হতে যাচ্ছেন পরবর্তী উত্তরসূরি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার মেয়ে কিম জু আয়ের নাম। তবে কিম জং উনের একজন ছেলে সন্তান রয়েছে কি না, তা নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।
উত্তর কোরিয়ার মতো পুরুষতান্ত্রিক রাষ্ট্রে একজন নারীকে সর্বোচ্চ ক্ষমতায় বসানো কতটা সহজ হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা সংসদীয় একটি কমিটিকে কিম জু আয়ের বড় ভাই থাকার তথ্য জানিয়েছে। তবে পরে গোয়েন্দা সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেনি। সংস্থাটি জানিয়েছিল, কিম জং উনের একজন ছেলে সন্তান রয়েছে কি না, সে বিষয়ে তথ্য যাচাইয়ের চেষ্টা চলছে।
উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন কিম পরিবারের তিন পুরুষ সদস্য, কিম ইল সুং, কিম জং ইল ও কিম জং উন।
এ কারণে কিম জু আয়ে ভবিষ্যতে ক্ষমতার উত্তরসূরি হলে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। কিছু বিশেষজ্ঞের মতে, দেশটির প্রবীণ ও প্রভাবশালী কর্মকর্তারা একজন নারী নেতার অধীনে কতটা স্বাচ্ছন্দ্যে কাজ করবেন, সেটিই হতে পারে বড় প্রশ্ন।
এ ছাড়া জু আয়ে ভিন্ন পরিবারের কোনো পুরুষকে বিয়ে করলে উত্তরাধিকার নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। তার সন্তান ভবিষ্যতে ক্ষমতায় এলে কিম পরিবারের সরাসরি শাসনের ধারাবাহিকতা ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করেন কিছু বিশ্লেষক।
তবে অন্য একদল বিশেষজ্ঞ মনে করেন, ৪২ বছর বয়সী কিম জং উনের এখনই উত্তরসূরি নির্ধারণের প্রয়োজন নেই। তাদের মতে, আগেভাগে উত্তরসূরি ঘোষণা করলে তা কিম জং উনের একচ্ছত্র ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।