সারাবিশ্ব

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ হামলায় নিহত ৮, কৃষ্ণ সাগরে একাধিক জাহাজ ধ্বংস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ হামলায় নিহত ৮, কৃষ্ণ সাগরে একাধিক জাহাজ ধ্বংস
ছবি: সংগৃহীত

ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত এবং বহু বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সময়ে কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শুক্রবার রাতে রাশিয়া ও ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপজুড়ে ১৭৪টি ড্রোন এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

বিমানবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি লক্ষ্যবস্তু ধ্বংস বা অকার্যকর করেছে। ১৫টি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া নয়টি অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার ছোড়া জিরকন ক্ষেপণাস্ত্র দুটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে গেরান-৪ অনুসন্ধানী ড্রোন ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ওডেসাগামী ইউক্রেনীয় পণ্যবাহী জাহাজ এবং অন্যটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার। উভয় জাহাজে সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুভভ জানান, ১৪টি এলাকায় রুশ হামলায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বালাকলিয়া ও লিপকুভাতিভকার মতো শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খারসন অঞ্চলের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন জানান, ২৫টি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলায় বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর, একটি মুঠোফোন টাওয়ার এবং গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেকসান্দর গানজা জানান, ড্রোন, গোলাবর্ষণ ও আকাশ থেকে নিক্ষেপ করা বোমা ব্যবহার করে ১০টির বেশি এলাকায় ভারী হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানান তিনি।