সারাবিশ্ব
কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, অধিকাংশই ক্যাথলিক তীর্থযাত্রী
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্যাথলিক ধর্মাবলম্বী তীর্থযাত্রী। একটি প্রার্থনাসভায় যোগ দিতে যাওয়ার পথে একাধিক যানবাহনের সংঘর্ষে প্রাণ হারান তারা।
পুলিশ জানিয়েছে, রাজধানী নাইরোবি থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সালামা এলাকায় নাইরোবি-মোম্বাসা মহাসড়কে মধ্যরাতের পর দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্রাক অন্য একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার যানবাহনগুলোর মধ্যে তীর্থযাত্রী বহনকারী ১৪ আসনের একটি ছোট বাসও ছিল।
এতে ঘটনাস্থলেই বাসটির চালক ও ১৬ যাত্রী নিহত হন। নিহতদের অধিকাংশই নারী।
মোম্বাসার ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা জানিয়েছেন, তীর্থযাত্রীরা নাইরোবির পশ্চিমে নাকুরু কাউন্টির একটি প্রার্থনা কেন্দ্রে যাচ্ছিলেন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য, স্বজন ও সমগ্র ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি আগে থেকেই পরিচিত দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এই মহাসড়কের নিরাপত্তা জোরদারে এর আগেও একাধিক সুপারিশ করা হয়েছিল।