সারাবিশ্ব
যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
রোববার ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যতদিন পাচারকারীরা যুক্তরাজ্যে কারা প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করবে, ততদিন অধিকাংশ আশ্রয়প্রার্থী যৌন নিপীড়নকারীদের শিকার হওয়ার ঝুঁকিতে থাকবেন।
সাবেক টোরি মন্ত্রী ররি স্টুয়ার্ট এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ উপদেষ্টা অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের সঙ্গে আলোচনায় শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য এখনো এই সীমান্তের নিয়ন্ত্রণে নেই। উত্তর ফ্রান্সে যারা জড়ো হয়ে ছোট নৌকায় ওঠার অপেক্ষায় থাকেন, তাদের বাছাই করে অপরাধী চক্র। এসব চক্র মানবপাচারের সঙ্গেও জড়িত।
তিনি বলেন, উত্তর ফ্রান্সে অবস্থানরত প্রায় প্রত্যেক নারীই যাত্রাপথে সম্ভবত ধর্ষণের শিকার হয়েছেন। কিছু পুরুষও যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের হুমকি দেওয়া হয়েছে।
শাবানা মাহমুদের মতে, কাউকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া, দেশটিকে আশ্রয়ের স্থান হিসেবে বেছে নেওয়া এবং পরে সমাজের অংশ হয়ে ওঠার প্রক্রিয়া এমন একটি ব্যবস্থার মাধ্যমে হওয়া উচিত নয়, যেখানে অপরাধী চক্র পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে।
সাক্ষাৎকারে চাদর বা মুখোশ পরা উগ্র ডানপন্থি বিক্ষোভকারীদের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে শাবানা মাহমুদ বলেন, এসব মানুষ ক্ষমতায় এলে তাকে ‘হত্যা’ করতে পারে অথবা ‘নিজ দেশ থেকে বের করে দিতে পারে’। তার দাবি, তারা তাকে প্রকৃত ব্রিটিশ মনে করে না এবং মুসলিম হওয়ায় তাকে ঘৃণা করে।
শাবানা মাহমুদ আরও বলেন, তিনি নিজেকে ফিলিস্তিনপন্থি আন্দোলনের অংশ মনে করেন। ফিলিস্তিন অ্যাকশন নিষিদ্ধ করার প্রতিবাদে কর্মীদের গ্রেফতার করা নিয়েও তিনি ‘খুব অস্বস্তি’ বোধ করেন বলে জানান।
সোমবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলনে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে কোনো সামগ্রী পরা বা বহনের সন্দেহে ৮২ জনকে গ্রেফতার করে মার্সিসাইড পুলিশ। তবে নিজের মতের সঙ্গে বিষয়টি অস্বস্তিকর হলেও নিষেধাজ্ঞা কার্যকর করার পক্ষে অবস্থান নেন শাবানা মাহমুদ।
এদিকে রোববার ইংলিশ চ্যানেল পেরিয়ে দক্ষিণ উপকূলের দিকে একটি অভিবাসীবাহী ছোট নৌকা এগিয়ে যাচ্ছিল। ফরাসি কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজগুলো নৌকাটিকে অনুসরণ করছিল। নৌকাটি নরম্যান্ডির ইউটাহ বিচ এলাকার কাছ থেকে যাত্রা শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী যৌন সহিংসতার বিষয়টি তুলে ধরায় তাকে স্বাগত জানিয়েছেন রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসাইন। তবে নিরাপদ ও বৈধ আশ্রয়ের পথ সীমিত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ইমরান হুসাইন বলেন, যুদ্ধ ও নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা নারী ও শিশুরা নিজ দেশ এবং যাত্রাপথে যৌন সহিংসতার শিকার হন। তাই নারীদের সুরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের পথ কমানোর পরিবর্তে আরও বাড়ানো প্রয়োজন।
সূত্র, গার্ডিয়ান