সারাবিশ্ব
ভারতে নারী ভাতার টাকা তুলে নিল ১৪ হাজারের বেশি পুরুষ!
নারীদের জন্য বরাদ্দ সামাজিক নিরাপত্তা ভাতা তুলে নিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্তত ১৪ হাজার ২৯৮ জন পুরুষ। রাজ্য সরকার পরিচালিত "লাড়কি বহীণ" নামে একটি প্রকল্পে এমন চাঞ্চল্যকর অনিয়ম ধরা পড়েছে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বছরের রাজ্য নির্বাচনে জয়ের পর মহারাষ্ট্র সরকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে “লাড়কি বহীণ” নামে মাসিক ভাতার এই প্রকল্প চালু করে। প্রকল্প অনুযায়ী, মাসে ১৫০০ রুপি করে আর্থিক সহায়তা পাওয়ার কথা ছিল শুধুমাত্র সেইসব নারীদের, যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ রুপি বা তার কম।
কিন্তু সাম্প্রতিক এক সরকারি সমীক্ষায় দেখা গেছে, গত ১০ মাসে প্রকৃত নারীদের পাশাপাশি হাজার হাজার পুরুষ অনলাইনে নিজেদের নারী পরিচয় দিয়ে এই ভাতা তুলে নিয়েছেন। এই অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে অপচয় হয়েছে প্রায় ২১ কোটি ৪৪ লাখ রুপি।
মহারাষ্ট্রের নারী ও শিশু উন্নয়ন বিভাগ বলছে, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পর্যাপ্ত যাচাই না থাকায় পুরুষরা সহজেই নিজেদের নারী পরিচয় দিয়ে এই সুবিধা পেয়েছেন।
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, “লাড়কি বহীণ প্রকল্প গরিব নারীদের উন্নয়নের জন্য চালু হয়েছিল। কিন্তু কীভাবে পুরুষরা এই সুবিধা পেয়েছে, তা আমাদের জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং যে পুরুষরা অনৈতিকভাবে ভাতা নিয়েছেন, তাদের কাছ থেকে পুরো টাকা ফেরত আদায় করা হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”