সারাবিশ্ব

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক বললেন কংগ্রেস নেতা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক বললেন কংগ্রেস নেতা
ভারতের কংগ্রেস দলের শীর্ষ নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলের শীর্ষ নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

শশী থারুর লিখেছেন, “ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো একটি তুচ্ছ ঘটনা বলে মনে হতে পারে। কিন্তু এটি আসন্ন দিনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।”

তিনি মন্তব্য করেন, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল—বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে। আর এ কারণে অনেক ভোটার বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন।

থারুরের ভাষায়, “ভোটাররা ধর্মান্ধতা বা কট্টরপন্থী ইসলামের কারণে জামায়াতকে বেছে নিচ্ছেন না। বরং আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জড়িয়ে থাকা দুর্নীতি, অব্যবস্থা ও জনঅসন্তোষ থেকে মুক্ত একটি শক্তি হিসেবে জামায়াতকে দেখছেন তারা।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এর কী প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তবে প্রতিবেশী বাংলাদেশে জামায়াতের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে?”

থারুরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ছাত্রশিবিরের বিজয় এবং ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে জামায়াতের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।