সারাবিশ্ব
পাকিস্তানি সেনা কনভয়ে অতর্কিত হামলায় নিহত ১১ সেনা সদস্য
আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এই হামলায় অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন কর্মকর্তা এবং নয়জন সৈন্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রথমে সড়কের পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই বহু সশস্ত্র জঙ্গি বিভিন্ন দিক থেকে গুলি চালিয়ে কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। এতে সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হামলার পর সেনাবাহিনী দ্রুত পাল্টা অভিযান শুরু করে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অরাকজাই সংলগ্ন এলাকায় পরিচালিত এক অভিযানে ১৯ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। একই অভিযানের সময়ই পাকিস্তানি সেনাদের প্রাণহানি ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারাই কুররাম জেলায় সেনা কনভয়ের ওপর হামলা চালিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, বিশেষত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা হচ্ছে। আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানি তালেবানও নতুন করে সংগঠিত হয়ে উঠেছে।
রয়টার্স জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ধরনের হামলা চালাচ্ছে। এর ফলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা ক্রমেই বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।