সারাবিশ্ব
মমতার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানির মামলা করেছেন। মামলাটি করা হয়েছে মুখ্যমন্ত্রীর সম্প্রতি কয়লার কালো রূপিকে কেন্দ্র করে অমিত শাহ ও শুভেন্দুকে জড়িয়ে দেওয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে।
শুক্রবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে মামলা দায়ের করেন শুভেন্দু। মামলায় তিনি উল্লেখ করেছেন, যদি ক্ষতিপূরণ পাওয়া যায়, তবে তা জনকল্যাণমূলক কার্যক্রমে দান করা হবে।
শুভেন্দু সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার কপি শেয়ার করে লিখেছেন, “মমতা ব্যানার্জি আমার সম্পর্কে জঘন্য কাল্পনিক অভিযোগ করেছেন এবং তার নীরবতা আমাকে মানহানির নোটিশের পরিপ্রেক্ষিত থেকে মুক্তি দিতে পারে না। আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। দ্রুত অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন, নাহলে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।”
ঘটনার সূত্রপাত ঘটে ৯ জানুয়ারি, যখন মমতা ব্যানার্জি কলকাতার এক সভায় বলেন, কয়লার কালো রুপির লেনদেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং অন্যদের জড়িত থাকার অভিযোগ। ওই মন্তব্যের পর শুভেন্দু আইনজীবীর মাধ্যমে মমতাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রামাণ্য নথি জমা দেওয়ার নোটিস পাঠান। নির্ধারিত সময়ে প্রতিক্রিয়া না আসায় শুভেন্দু আদালতে মামলা দায়ের করেন।
বিরোধী দলনেতার আইনজীবী জানান, মুখ্যমন্ত্রীর মন্তব্যের কারণে শুভেন্দুর ভাবমূর্তি ও সম্মান নষ্ট হয়েছে এবং তাই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।