জাতীয়

সংসদে সাবেক এমপি সালাহউদ্দিনের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

সংসদে সাবেক এমপি সালাহউদ্দিনের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার আগে মরহুম সালাহউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য দেওয়া হয়। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করার কথা রয়েছে।

তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।