সারাবিশ্ব
ইউটিউবে সম্পদের ভিডিও পোস্ট, সেই ভিডিও দেখেই বাড়িতে চোরদের হানা!
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের ভিডিও প্রকাশ করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ ইউটিউবার। অনলাইনে প্রকাশিত ভিডিও দেখেই চোরেরা তার বাড়িতে চুরির পরিকল্পনা করে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৬ জুন) ভোরে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার মোহানি গ্রামে ইউটিউবার রচনা গুরজারের বাড়িতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা বাড়িতে প্রবেশ করে রচনা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা সোনা-রুপার গয়না, নগদ অর্থ এবং এক কার্টন এনার্জি পানীয়সহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী রচনা গুরজার জানান, রাত ২টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় চোরেরা ঘরে ঢোকে। চুরির আগে তারা লাঠির সাহায্যে সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, যাতে তাদের পরিচয় ধরা না পড়ে। ভোরে ঘুম ভাঙার পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। পরে আত্মীয়রা এসে দরজা খুলে তাদের উদ্ধার করেন।
শিবপুরি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব মুলে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। তদন্তকারীরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছেন। এক ফুটেজে দেখা গেছে, মুখ ঢাকা এক ব্যক্তি লাঠি দিয়ে ক্যামেরার দিক পরিবর্তন করছে।
পুলিশের ধারণা, অভিযুক্তরা স্থানীয় বা আশপাশের এলাকার হতে পারে এবং তারা আগে থেকেই বাড়ির পরিবেশ সম্পর্কে জানত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো থেকেই তারা বাড়ির নকশা, মূল্যবান জিনিসের অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।
রচনা গুরজারের এক লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি সম্প্রতি বাড়ি, গয়না, নগদ অর্থসহ বিলাসী জীবনের নানা ভিডিও প্রকাশ করেছিলেন। একটি ভিডিওতে বাড়ির প্রবেশপথ থেকে বিভিন্ন কক্ষের বিস্তারিত দৃশ্য দেখানো হয় এবং অন্য একটি ভিডিওতে গয়না ও নগদ অর্থ প্রদর্শন করা হয়।
পুলিশ বলছে, এসব ভিডিওই চোরদের জন্য চুরির পরিকল্পনা করতে সহায়তা করেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পদ ও বাড়ির অভ্যন্তরীণ দৃশ্য প্রকাশের ঝুঁকি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।
সূত্র: এনডিটিভি