সারাবিশ্ব
বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর...
ভারতের বেঙ্গালুরু শহরে এক বাংলাদেশি দম্পতিকে মারধরের ঘটনায় স্থানীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ডা. নাগেন্দ্র নামে ওই চিকিৎসককে পরে আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে। শহরের হোয়াইটফিল্ড এলাকার কাছে বেত্তাদাসাপুরায় বসবাসকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলাল এই হামলার শিকার হন।
ভুক্তভোগীদের অভিযোগ, সকালে রাস্তায় দেখা হলে ডা. নাগেন্দ্র হঠাৎ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি তাদের ওপর হামলা চালান। নাসরিনা বিলাল জানান, চিকিৎসক প্রথমে তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন, এরপর তাকে টানাহেঁচড়া করে মারধর করেন। পরে তার স্বামী বিলালের ওপরও হামলা চালিয়ে মাথা ও পিঠে আঘাত করেন এবং মাটিতে ফেলে লাথি মারেন। এমনকি ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নাসরিনা বিলালের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে এবং অভিযুক্ত চিকিৎসককে আটক করে। তবে জিজ্ঞাসাবাদে ডা. নাগেন্দ্র দাবি করেন, ওই এলাকায় অবৈধ বিদেশি বসবাসের সন্দেহ থেকে তিনি দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন।
পুলিশ জানিয়েছে, নাগরিকত্ব নিয়ে কোনো সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোই নিয়ম। নিজের হাতে আইন তুলে নেওয়া বা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, ওই বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশের কাগজপত্র ও অভিবাসন সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।