সারাবিশ্ব

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য, ভোল পাল্টে যা বলল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য, ভোল পাল্টে যা বলল ভারত
ছবি: সংগৃহীত

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ৫ আগস্ট অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল আয়োজনটি ছিল একটি বেসরকারি উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে সেখানে যে মন্তব্য করা হয়েছে, তা ভারতের সরকারি অবস্থান নয়।

এর আগে, ৫ আগস্ট রাতে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে এমন সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অগ্রহণযোগ্য। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর সময়ে ভারতের মাটিতে এমন আয়োজনকে শহীদদের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত সহিংসতায় নিরীহ মানুষ, এমনকি শিশু হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের তথ্য অস্বীকারের চেষ্টাকেও সমালোচনা করা হয়।

সরকারের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বক্তব্য ইতিহাস বিকৃত করার অপচেষ্টা এবং বাংলাদেশের জনগণ অতীতের মতো এবারও তা প্রত্যাখ্যান করবে।