সারাবিশ্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে ২২ আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ওই অনুষ্ঠান হবে না।

তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নয়াদিল্লি বা ঢাকা কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন।

বেলা ৩টার দিকে নতুন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ পর্যায়ের নেতাদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের প্রচলন রয়েছে। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

সাধারণত মূল অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়ে থাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।