সারাবিশ্ব

পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়ের অনুষ্ঠানে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়ের অনুষ্ঠানে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় পাকিস্তানজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি ব্যয় কমানোসহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা এসব বিধিনিষেধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। তাই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না দিয়ে সরকার ও উচ্চবিত্তদের আগে ত্যাগ স্বীকার করতে হবে।

নতুন বিধিনিষেধের আওতায় সরকারি গাড়িতে জ্বালানি ব্যবহারের বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবার গাড়ি এর আওতামুক্ত থাকবে। একই সঙ্গে সরকারি অর্থে নতুন গাড়ি কেনাও বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া রাত ৯টার মধ্যে সব দোকান, মার্কেট ও বিপণিবিতান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের হল ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ ও ক্যাফে রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

জ্বালানি সাশ্রয় ও অপচয় রোধে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। তবে ফার্মেসি, হাসপাতাল, পেট্রোল পাম্প ও তথ্যপ্রযুক্তি সেবার মতো জরুরি প্রতিষ্ঠানগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রাও বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে বিদেশ যেতে হলে বিমানের সাধারণ শ্রেণিতে ভ্রমণ করতে হবে। পাশাপাশি জ্বালানি খরচ কমাতে সরকারি দপ্তরের সব সভা অনলাইনে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকেই পাকিস্তান গভীর জ্বালানি সংকটে পড়েছে। দেশটি প্রয়োজনীয় জ্বালানি তেলের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে আমদানি করে। চলমান যুদ্ধের কারণে এই সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

সংকট মোকাবিলায় এর আগেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান সরকার। মার্চ মাসে স্কুল বন্ধ রাখা এবং জাতীয় দিবসের কুচকাওয়াজ বাতিলের মতো সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

সূত্র: ফার্স্টপোস্ট