সারাবিশ্ব
তিস্তার ভয়ংকর স্রোতে ভেসে যাচ্ছিল হাতিশাবক, উদ্ধার করলো দুই জেলে
পশ্চিমবঙ্গের তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতিশাবক। জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছিল শাবকটি। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে প্রায় তিন কিলোমিটার নৌকায় করে হাতিশাবকটির পিছু নেন দুই জেলে। দীর্ঘ চেষ্টার পর শাবকটিকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন তারা। পরে বন বিভাগের সহায়তায় হাতিশাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, নদীতে মাছ ধরার সময় দুই জেলে দেখতে পান, প্রবল স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে একটি হাতিশাবক। পানির তীব্র স্রোতে টিকে থাকার জন্য শাবকটি প্রাণপণ চেষ্টা করছিল। বিষয়টি দেখে দ্রুত তাকে উদ্ধারের সিদ্ধান্ত নেন দুই জেলে।
তারা নৌকার গতিপথ পরিবর্তন করে হাতিশাবকটির দিকে এগিয়ে যান। কিন্তু নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে শাবকটির কাছে পৌঁছানো সহজ ছিল না। এরপরও হাল ছাড়েননি তারা। প্রায় তিন কিলোমিটার নৌকা চালিয়ে স্রোতের সঙ্গে লড়াই করে হাতিশাবকটির পিছু নেন দুই জেলে।
একপর্যায়ে তারা শাবকটিকে ধরে নৌকায় তুলতে সক্ষম হন। পরে সেটিকে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন। উদ্ধারের পর ঘটনাটি স্থানীয় বন বিভাগকে জানানো হয়।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিশাবকটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দেখভাল করেন। পরে বন বিভাগের একটি দল শাবকটিকে তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত করার উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত হাতিশাবকটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
এদিকে, হাতিশাবক উদ্ধারের পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করে রাখেন স্থানীয়রা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উদ্ধারকারী দুই জেলের প্রতি হাতিশাবকটির স্নেহময় আচরণ নজর কাড়ে। শাবকটির এমন প্রতিক্রিয়া দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দুই জেলের সাহস, মানবিকতা এবং বন্যপ্রাণীর প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তিস্তার ভয়ংকর স্রোতের মধ্যে নিজেদের ঝুঁকিতে ফেলে হাতিশাবকটিকে উদ্ধারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।