সারাবিশ্ব

বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর
ছবি: সংগৃহীত

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাইনপাল ধিল্লা। তবে প্যারোলের সময় শেষ হওয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরা হয়নি তার। বৃহস্পতিবার রাত ৮টায় তাকে আবার কারাগারে ফিরতে হয়েছে।

হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে ধিল্লার বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল। পরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ধিল্লার কনে মেটা চানমিয়া কম্বোডিয়ার নাগরিক।

ধারণা করা হয়, ২০১৮ সালে কম্বোডিয়ায় ধিল্লা ও চানমিয়ার পরিচয় হয়। পরে তারা সম্পর্কে জড়ান। তাদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করেন।

ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, বিয়ের অনুষ্ঠানস্থলের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রবেশকারীদের তল্লাশি করা হয়। অতিথি ও স্বজনদের চলাফেরার ওপরও নজর রাখা হয়। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমকে অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের এপ্রিলে যাবজ্জীবন কারাদণ্ড পান। কর্মকর্তাদের মতে, আরও দুটি মামলায়ও তার সাজা হয়েছে।

২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছিলেন ধিল্লা। তবে প্যারোল শেষে তিনি আর কারাগারে ফেরেননি। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয়ে দেশ ছাড়েন তিনি। পরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থার লাল সতর্কতা জারি হয়।

২০২৫ সালের জুলাইয়ে কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। একই বছরের সেপ্টেম্বরে তাকে ভারতে ফেরত পাঠানো হলে আবার কারাগারে বন্দি করা হয়। আগেরবার প্যারোলে মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার কারণে এবার বিয়ের জন্য প্যারোলের অনুমতিতে কঠোর শর্ত আরোপ করা হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস