সারাবিশ্ব
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইলেন মমতা, এসআইআর নিয়েও অভিযোগ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিচালিত বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার পদে থাকা পর্যন্ত এ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার হুগলির শ্রীরামপুর কোর্টের মাঠে আয়োজিত এক দলীয় সভায় মমতা বলেন, জ্ঞানেশ কুমারকে সরানো না পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এ দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টা ও শঙ্খ বাজানোর কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক (ডিজি) সীমা খান্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তৃণমূল নেত্রী। এ বিষয়ে কোনো রাজনৈতিক দল আন্দোলনে নামলে তাদের সমর্থনের কথাও বলেন তিনি।
এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতা অভিযোগ করেন, এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রায় ৯২ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, বাংলার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন এবং ভোটাধিকার সংকুচিত করার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। মমতার ভাষ্য, ভোটার তালিকা থেকে এত বিপুলসংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার কারণে নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, “আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে।”
মমতা নতুন করে তৈরি করা এসআইআরভিত্তিক ভোটার তালিকা বাতিল করে আগের তালিকা পুনর্বহালের দাবি জানান। বাদ পড়া ভোটারদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য, কোনো ভোটারের নাম বাদ দেওয়া বা তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা রয়েছে।
নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে ইভিএম এবং ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। একই ধরনের ঘটনা বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানাতেও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানান মমতা।
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “আপনারা জোর করে একটা চেয়ার দখল করেছেন। ওই চেয়ারকে আমরা কেয়ার করি না।” তিনি আরও বলেন, “ওরা বাংলা নিয়েছে, আমরা দিল্লি নেব।” একই সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত দিল্লির সরকার টিকে থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও বিহারসহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে এবং এর প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, পুলিশকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আদালতের নির্দেশের কারণেই শ্রীরামপুরে সভা করতে পেরেছেন বলেও জানান তিনি।
মমতা আরও প্রশ্ন তোলেন, বিজেপি যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন তাদের কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “মনে রাখবেন, দিল্লি টলমল। অন্যায় যে করে, অন্যায় যে সহে-দুজনেই সমান অপরাধী।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এবং পুরোনো ভোটার তালিকা ফিরিয়ে এনে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তবে ভোটার তালিকা সংশোধন, নির্বাচন পরিচালনা এবং অনিয়মের এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে।