সারাবিশ্ব

দুই শাবককে জড়িয়ে ধরে পড়ে আছে মা হাতির নিথর দেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

দুই শাবককে জড়িয়ে ধরে পড়ে আছে মা হাতির নিথর দেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দুই শাবকসহ তিনটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকায় হাতিগুলোর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন বন দপ্তরের কর্মকর্তারা।

মাঠে মা হাতির নিথর দেহের সঙ্গে পড়ে ছিল তার দুই শাবকের দেহ। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির দলটি গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল। ওই এলাকায় চাষের জমিতে পানি দেওয়ার জন্য একটি বিদ্যুৎচালিত পাম্প বসানো ছিল। পাম্পের বিদ্যুতের তার জমির ওপর দিয়ে যাওয়ায় সেটির সংস্পর্শে এসে মা হাতি ও তার দুই শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে বন দপ্তর। জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের কারণে হাতিগুলোর মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জঙ্গলমহলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। ফসল রক্ষার জন্য কিছু কৃষক জমির চারপাশে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখেন বলে অভিযোগ রয়েছে। অতীতেও এমন তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এবারের ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তিনটি হাতির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে বন দপ্তর।

সূত্র: আনন্দবাজার