সারাবিশ্ব
ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে: দাবি ট্রাম্পের
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘাতে ৪ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, চারটা বা পাঁচটা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে মনে হয়।” তবে তিনি নির্দিষ্ট করে বলেননি, কোন পক্ষের বিমানগুলো গুলি করে নামানো হয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে এই অভিযান চালায়। এর জের ধরে ৭ মে থেকে টানা চারদিন ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চলে।
ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রেখেছে। তার ভাষায়, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোও তার একটি উদাহরণ। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, যুদ্ধ চললে কোনো বাণিজ্য চুক্তি হবে না।”
তবে নয়াদিল্লি ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সংঘাতের অবসান হয়েছে সম্পূর্ণ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে, কোনো বিদেশি মধ্যস্থতা ছাড়াই।