সারাবিশ্ব
রাশিয়ার শর্ত মেনে যুদ্ধ থামাতে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো-আলোচনা পরেও হতে পারে।
ইউক্রেনকে পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত।
রবিবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার একটি “সৌহার্দ্যপূর্ণ” বৈঠক হয়েছে। তবে তিনি জেলেনস্কিকে ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন—এমন খবরকে অস্বীকার করেন তিনি।
ট্রাম্প বলেন, “না, আমরা সেটা নিয়ে কথা বলিনি।” তিনি আরও যোগ করেন, “তাদের (ইউক্রেনের) উচিত যেখানে যুদ্ধরেখা এখন আছে, সেখানেই থেমে যাওয়া।”
তার ভাষায়, “ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেন চাইলে পরবর্তীতে আলোচনায় যেতে পারে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ থামানো।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য রাশিয়ার পক্ষে একধরনের সমর্থন হিসেবে দেখা যেতে পারে, যা চলমান ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।