সারাবিশ্ব

মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকো সফরে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী সান জুয়ানের একটি মসজিদে তিনি মুসল্লিদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়েন।

মসজিদে মামদানির আগমনে উপস্থিত মুসল্লিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খাবার বিতরণে অংশ নেন।

মাত্র দুই দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪ বছর বয়সী এই মুসলিম রাজনীতিক ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা নিউইয়র্ক সিটির ইতিহাসে রেকর্ড।

mamdani_Dhakaprokash.jpg

নির্বাচনের পর এটি মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। বৃহস্পতিবার তিনি বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ যোগ দিতে পুয়ের্তো রিকো পৌঁছান। সান জুয়ানে অনুষ্ঠিত এ সম্মেলনে নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা প্রতিবছর একত্রিত হন। সেখানে নীতিগত আলোচনা, কর্মশালা ও মতবিনিময়ের সুযোগ থাকে।

সফরে মামদানি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় করছেন। তিনি ইতোমধ্যে সিটি হলে নতুন প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিমও ঘোষণা করেছেন।

পুয়ের্তো রিকো সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেওয়ার কথাও রয়েছে। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম সক্রিয় সমর্থক।