সারাবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। পাশাপাশি আগামী ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র সৌদিকে সংশ্লিষ্ট প্রযুক্তি, উপকরণ ও পরামর্শ সহায়তা দেবে। এর বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে কয়েক হাজার কোটি ডলার পরিশোধ করবে বলে জানা গেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স–এর তথ্য অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই এই চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে উপস্থাপন করা হবে। কংগ্রেসের দুই কক্ষ—হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে পাস হলে চুক্তিটি কার্যকর হবে। এ সময় ‘১২৩ এগ্রিমেন্ট’ নামে একটি গুরুত্বপূর্ণ নথিও উপস্থাপন করা হবে, যা বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু সহযোগিতা সংক্রান্ত।

চুক্তিটি কার্যকর হলে সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তবে এতে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নীতি রাখা হয়নি। ফলে সৌদি আরব চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম চালাতে পারবে।

এছাড়া ‘অতিরিক্ত প্রটোকল’ নীতিও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই নীতির আওতায় জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যে কোনো দেশের পরমাণু প্রকল্প পরিদর্শন করতে পারে। কিন্তু নতুন এই চুক্তিতে নিরাপত্তা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করা হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কঠোর আন্তর্জাতিক নজরদারি ছাড়া এই চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই ইঙ্গিত দিয়েছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সৌদি আরবও একই পথে হাঁটতে পারে।

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান দুটি ধাপ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুরক্ষা ব্যবস্থা ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের মত।

সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল, রয়টার্স, ইন্ডিয়া টুডে