আইন আদালত

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৩৭ পিএম

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রি ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিশটি প্রেরণ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হলে অবিলম্বে সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করার আহ্বান জানানো হয়, যাতে রাজনৈতিক দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে।

এতে আরও বলা হয়, নোটিশ পাঠানোর পর ১৫ কার্যদিবসের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে নোটিশে প্রশ্ন তোলা হয়। এতে বলা হয়, বর্তমান ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো প্রার্থী কমসংখ্যক ভোট পেয়েও সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, অথচ বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এর ফলে জনগণের ভোটের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং জাতীয় সংসদে প্রকৃত জনমত প্রতিফলিত হচ্ছে না।

নোটিশে আরও বলা হয়, পিআর পদ্ধতি বিশ্বের বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে চালু রয়েছে। যেমন—সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এসব দেশে সংসদ নির্বাচনে জনগণের ভোটের যথাযথ প্রতিফলন ঘটছে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে।