আইন আদালত

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, লুট হওয়া সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে হাইকোর্ট নির্দেশ দিন।

রিটে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকারের পুরস্কার ঘোষণা সত্ত্বেও এখনো উল্লেখযোগ্য অংশ উদ্ধার হয়নি।

অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবনচমকপ্রদ হুমকির মুখে পড়েছে। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রমাণ করে যে, অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন আয়োজন করলে তা রক্তক্ষয়ী হতে পারে।

রিটে আরও বলা হয়েছে, কিছু সংসদ প্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না করে নির্বাচন আয়োজন করা হলে এটি বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার—‘জীবনের অধিকার’-এর লঙ্ঘন হবে।