আইন আদালত

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর এই আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় গত ডিসেম্বর মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়েছিল।

আনিস আলমগীরের পক্ষে আইনজীবী তাসলিমা জাহান আদালতে বলেন, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে নাম থাকলেও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

আইনজীবী আরও বলেন, আনিস আলমগীর একজন পরিচিত সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক। এজাহারে উল্লেখিত ধারাগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণে তিনি জামিন পাওয়ার অধিকারী।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে আইনজীবী জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে হাইকোর্টে জামিনের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তখন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।