আইন আদালত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। অভিযোগ গঠন শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে এ দিন নির্ধারণ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু সাক্ষীদের আদালতে উপস্থাপন করবেন। পরে আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ সাক্ষীদের জেরা করবেন।

এর আগে সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, দুই আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের পর আদালত মামলাটিকে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠান এবং পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তে জিনগত পরীক্ষার প্রতিবেদন, ময়নাতদন্তের তথ্য এবং বিভিন্ন বৈজ্ঞানিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।